২জিবি  ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

৬ মে, ২০২২ ১৮:১৯  
সর্বোচ্চ ১০০ মেগাবাইটের সীমা বাড়িয়ে অ্যাটাচমেন্ট হিসেবে সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ফাইল পাঠানোর সুবিধা যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে।  পাশাপাশি মেসেজের প্রতিক্রিয়ায় ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশে চালু হচ্ছে নতুন ফিচার। গ্রুপ চ্যাটে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যাও ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ তে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমোজি রিঅ্যাকশন এবং বড় আকারের অ্যাটাচমেন্ট ফাইল পাঠানোর ফিচার দুটি হোয়াটসঅ্যাপের বর্তমান সংস্করণেই যোগ হচ্ছে বলে জানিয়েছেন মেটা মুখপাত্র ভিসপি ভোপ্তি। টেক ওয়েবসাইট ভার্জকে তিনি বলেছেন, ইমোজি রিঅ্যাকশন ফিচারটি সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাতে ‘সপ্তাহখানেক’ সময় লাগবে। এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর আগে এপ্রিলে নতুন ফিচারগুলো ‘শিগগিরই আসছে’ বলে জানিয়েছিলো হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। মেসেজে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করার ফিচার নিয়ে মেটা বলেছিল, প্রথম অবস্থায় নির্দিষ্ট কিছু ইমোজির মধ্যে ফিচারটি সীমবদ্ধ থাকলেও পরে সকল ইমোজিই তাতে যোগ হবে। মেসেজে রিঅ্যাক্ট করার সুবিধা অনেক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে জনপ্রিয় একটি ফিচার । স্ল্যাক ও টেলিগ্রামের মত অ্যাপে এই ফিচার চালু আছে আগে থেকেই। গ্রুপ চ্যাটে বাড়তি কথা না বলেই নিজের অনুভূতি জানানোর সুযোগ পান ব্যবহারকারী। তবে আরও বড় গ্রুপ চ্যাটের ফিচারটি চালু হবে কিছুটা ‘ধীরে’। অর্থাৎ, প্ল্যাটফর্ম এবং ডিভাইসভেদে এ সুবিধা পেতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে।